রুলের ওপর পরবর্তী শুনানি ২৪ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদের বিষয়ে দেওয়া রুল শুনানির জন্য ২৪ মে পরবর্তী দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বুধবার এই রুলের ওপর শুনানি হয়। নিজাম হাজারীর পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও মনজিল মোরসেদ। প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়৷ এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ১০ মাস কম সাজা খেটে ২০০৫ সালের ১ ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।
পরে ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে। সে হিসাবে নিজাম হাজারী ২০১৫ সালের আগে সাংসদ হতে পারেন না। অথচ তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সাংসদ হয়েছেন।
রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল দেন। তবে পরে হাইকোর্টের দুটি বেঞ্চে এই রুল শুনানির জন্য কার্যতালিকায় উঠলেও বেঞ্চ দুটি শুনানিতে বিব্রতবোধ করেন। গত ১৯ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চে রুলের ওপর শুনানি শুরু হয়। ৩ মার্চ আদালত কারা মহাপরিদর্শক ও চট্টগ্রাম মহানগর দায়রা জজকে নির্দেশ দিয়ে বলেন, নিজাম হাজারী আদৌ ১০ বছর কারাদণ্ডের সাজা খেটেছেন কি না এবং তিনি কীভাবে কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। সে অনুযায়ী কারা মহাপরিদর্শক ও মহানগর দায়রা জজ হাইকোর্টে প্রতিবেদন পাঠান। ওই প্রতিবেদনের ওপর গতকাল শুনানি হয়। শুনানি অসমাপ্ত অবস্থায় ২৪ মে বেলা দুইটা পর্যন্ত মুলতবি করেন আদালত।