খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা
রুলের ওপর রায়ের দিন পিছিয়ে ৫ এপ্রিল ধার্য
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর রায়ের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ দিন ধার্য করেন।
গতকাল ছিল এ রায়ের ধার্য দিন। খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময়ের আরজি জানালে আদালত তা মঞ্জুর করে রায়ের দিন পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন। দুদকের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
খালেদা জিয়ার আরেক আইনজীবী এম বদরুদ্দোজা বলেন, ‘আদালত রায়ের জন্য ৫ এপ্রিল ধার্য করেছেন। আদালত বলেছেন, “আমরা চাইলে এর মধ্যে শুনানি করতে পারব। তবে শুনানি করব কি না, তা আইনজীবীরা বসে সিদ্ধান্ত নেব।”’ এর আগে ১০ মার্চ এ রায়ের দিন ধার্য ছিল। পরে তা ১৫ মার্চ ধার্য করা হয়। বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. শামসুল আলম।