বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বিষয়ে দেওয়া রুলের ওপর রায় ঘোষণার জন্য কাল মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার এই রুল শুনানি শেষ হয়। রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। সঙ্গে ছিলেন মুক্তাদির রহমান। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী রেজা-ই রাকিব। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির পক্ষে ছিলেন ফাতেমা আনোয়ার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী এস এম এনামুল হক গত ৯ মার্চ রিট আবেদন করেন। ১৪ মার্চ প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল দেন। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা ওই রুলে জানতে চাওয়া হয়।