বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিষয়ে দেওয়া রুলের শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের এক বিচারপতি। গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি ছিল।
আইনজীবী সূত্র বলেছে, আন্তর্জাতিক বিনিয়োগ-সংক্রান্ত কনভেনশন ট্রাইব্যুনালে নাইকো এবং বাপেক্স ও পেট্রোবাংলার করা পৃথক সালিসি আবেদন বিচারাধীন থাকায় এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে মওদুদ আহমদ নিম্ন আদালতে আবেদন করেন, যা গত ১৬ আগস্ট খারিজ হয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন।
এই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেওয়ার পাশাপাশি মওদুদের ক্ষেত্রে ওই মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেন। রুলে নিম্ন আদালতের দেওয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। এই আবেদন নিষ্পত্তি করে ১১ ডিসেম্বর আপিল বিভাগ হাইকোর্ট বেঞ্চে ১৯ জানুয়ারির মধ্যে রুল নিষ্পত্তি করতে বলেন। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি শুনানির জন্য আসে।
আদালতে আবেদনকারী মওদুদ আহমদ ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বিব্রতবোধ করেছেন। এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি এখন বেঞ্চ নির্ধারণ করে দিলে ওই বেঞ্চে রুলের ওপর শুনানি হবে।
২০০৭ সালের ৯ ডিসেম্বর এই মামলাটি করে দুদক। পরের বছর ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগে বলা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।