রুলের শুনানি শেষ, রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া রুলের ওপর শুনানি শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ রেখেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বৃহস্পতিবার এ শুনানি শেষ হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাঁকে সহযোগিতা করেন রাগীব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভূঁইয়া।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। শুনানি শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন আদালত।
২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
২০০৮ সালের ৯ জুলাই মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি হাইকোর্ট রুল জারি করেন। গতকাল ওই রুলের শুনানি শেষ হলো।