রুলের শুনানি ২৬ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের সপ্তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর ২৬ জুলাই শুনানি হবে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকার পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।গতকাল আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী হাসান এম এস আজিম শুনানিতে বলেন, সপ্তম সংশোধনী সংবিধানের মূল চেতনার পরিপন্থী। ১৯৮২ সালের ২৪ মার্চ ফরমানের মাধ্যমে সামরিক আইন জারি করে সংবিধানকে সামরিক আইনের অধস্তন করা হয়, যা সংবিধানের ৭ অনুচ্ছেদের পরিপন্থী। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অন্য মামলায় ব্যস্ত থাকার কথা জানিয়ে দুই সপ্তাহ সময়ের আবেদন জানান। এ পর্যায়ে আদালত ২৬ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন।জানা যায়, সামরিক আদালতের রায়ে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। এতে সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা গ্রহণ এবং ১৯৮২ থেকে ’৮৬ সাল পর্যন্ত জারি করা সামরিক আইন, ফরমান, আদেশ ও নির্দেশকে বৈধতা দানকারী সংবিধানের সপ্তম সংশোধনী কেন অবৈধ নয়, তা জানতে চাওয়া হয়।