রুশ সমীক্ষা দলের গাড়িতে হামলা অবরোধকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুশ সমীক্ষা দলের গাড়িতে হামলা করেছেন অবরোধকারীরা। গতকাল মঙ্গলবার ঈশ্বরদীর পাকশী লালন শাহ সেতুর পূর্ব দিকের বক্স কালভার্টের কাছে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অফিস ইনচার্জ রুহুল কুদ্দুস প্রথম আলোকে জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে পাকশী লালন শাহ সেতুর কটেজ থেকে রুশ সমীক্ষা দলের কয়েকজন সদস্য একটি গাড়িতে করে (প্রাইভেট কার) প্রকল্প এলাকায় আসছিলেন। পথে গাড়িটি বক্স কালভার্টের কাছে পৌঁছালে অবরোধকারীরা গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় আতঙ্কিত হয়ে সমীক্ষা দলের সদস্যরা দ্রুত প্রকল্প এলাকায় চলে আসেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি বা গাড়িরও ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করেছে। প্রকল্প এলাকা ও বিদেশিদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পুলিশ পাঠানো হয়েছে।