যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পাবনার মেয়ে রূপা আশা হক ও সিলেটের রুশনারা আলীর পৈতৃক এলাকায় আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর মধ্যে চলছে মিষ্টি বিতরণ।
রুশনারা এবার দ্বিতীয় দফায় এমপি হলেন। এবার এমপি নির্বাচিত আরেক বাংলাদেশি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লন্ডন থেকে নির্বাচিত তিনজনই বিরোধী লেবার পার্টির মনোনয়নে নির্বাচন করেন।
রূপা আশা হকের পৈতৃক বাড়ি পাবনা সদর উপজেলার মোকসেদপুর গ্রামে। দাদার নাম আজিজুল হক। তাঁর নানাবাড়ি পাবনা পৌর সদরের কুঠিপাড়া মহল্লায়। নানার নাম মুসা বিশ্বাস। রূপার বাবা মনছের আলী ও মা দুলালী হক ১৯৭০ সালে যুক্তরাজ্যে যান। সেখানে ১৯৭২ সালে জন্ম হয় রূপার। রূপা বর্তমানে কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক।
গত বৃহস্পতিবার ভোট গ্রহণের পর শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়। বিভিন্ন গণমাধ্যমে নির্বাচিত হওয়ার খবর পেয়ে পাবনায় থাকা রূপার আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। শুরু হয় মিষ্টি বিতরণ।
রূপার মামা রাজনীতিবিদ আবুল কালাম আজাদ বলেন, ‘রূপার কাছে আমার প্রত্যাশা, সে ব্রিটেনের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করবে। সেই সঙ্গে সেখানে বসবাসরত বাংলাদেশিদের পাশে থাকবে ও দেশের উন্নয়নে অবদান রাখবে।’
দ্বিতীয় দফায় এমপি নির্বাচিত হওয়ায় রুশনারা আলীর পৈতৃক বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকজী ইউনিয়নের ভূরকি গ্রামসহ পুরো উপজেলার মানুষের মধ্যেই ব্যাপক আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে নিজ উপজেলার মেয়ের সফলতায় খুশি হয়ে স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন।
ভূরকি গ্রামে আফতাব আলী ও রানু বেগম দম্পতির ঘরে ১৯৭৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন রুশনারা। তাঁর ডাকনাম স্বপ্না। মাত্র সাত বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে লন্ডনে চলে যান তিনি। রুশনারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
রুশনারার বিজয়ের আনন্দ জনসাধারণের সঙ্গে ভাগ করে নিতে গতকাল শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ আরও অনেকের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। মিয়ারবাজারে এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল।
রুশনারার চাচা আছদ্দর আলী বলেন, ‘আমার ভাতিজি আবারও এমপি হওয়ায় আমি খুব খুশি। সে আরও বড় হবে।’ মামা আবদুর রুপ বলেন, ‘ভাগনি যে পর্যায়ে পৌঁছেছে, তা আমাদের কাছে অনেক বড় পাওয়া।’