রুস্তম আলীর জামিন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক পটুয়াখালীর রুস্তম আলী শিকদারের জামিন আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁকে ৩০ এপ্রিল পর্যন্ত জামিন দেওয়া হয় এবং এ সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। এ নিয়ে এই ট্রাইব্যুনাল তৃতীয় কোনো ব্যক্তির জামিন মঞ্জুর করলেন। এর আগে শারীরিক কারণে বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তাধীন ব্রাহ্মণবাড়িয়ার মো. মোবারক হোসেনকে জামিন দেওয়া হয়।গতকাল রুস্তম আলীর পক্ষে জামিনের আবেদনের শুনানি করেন আইনজীবী মীর আহমদ বিন কাসেম। শুনানিতে তিনি বলেন, ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর পটুয়াখালীর গলাচিপা থানায় একটি হত্যা মামলা হয় এবং তাতে অভিযুক্ত ব্যক্তিদের সাজাও হয়। ২০১০ সালে ওই একই হত্যাকাণ্ডের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে রুস্তম আলী শিকদারকে আসামি করে নতুন মামলা করা হলে ২২ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় গত বছরের নভেম্বরে মামলার নথিপত্র স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালত তদন্ত সংস্থার কাছে পাঠান। তিনি কারাগারে আটক আছেন। তাঁর বয়স ৯০ বছর।রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি সুলতান মাহমুদ। জেয়াদ-আল মালুমকে অপসারণের আবেদন: এবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল মালুমের অপসারণ চেয়ে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম। ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে এক প্রবাসী আইন বিশেষজ্ঞের স্কাইপে কথোপকথনে জেয়াদ-আল মালুমের নাম থাকায় আসামিপক্ষ এ আবেদন করেছে। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলার আরেক আসামি বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীও একই আবেদন করেন। দুটি আবেদনই শুনানির জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।সাকা চৌধুরীর আবেদনের শুনানি ১৪ জানুয়ারি: আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হকের আরজির পরিপ্রেক্ষিতে গতকাল সাকা চৌধুরীর কয়েকটি আবেদনের শুনানির জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১।এটিএন নিউজ ও বিটিভির বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগের আদেশ ১৩ জানুয়ারি: বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ ও রাষ্ট্রায়ত্ত বিটিভির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ১৩ জানুয়ারি দিন ধার্য করেন একই ট্রাইব্যুনাল। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে তাঁর আইনজীবী তানভীর আহমেদ আল-আমীন গতকাল এ বিষয়ক দুটি আবেদনের শুনানি করেন।