রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা রুস্তম আলী আকন্দ হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার রাতে হত্যা মামলাটি নগরের মতিহার থানা থেকে নগর ডিবির কাছে স্থানান্তর করা হয়।
৪ এপ্রিল দুপুরে আবাসিক হলের নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ। ছাত্রলীগের দাবি, শিবির এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে ছাত্রলীগ নেতার দিকেও অভিযোগের তির রয়েছে। রুস্তমের হত্যাকারীদের বিচারের দাবিতে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিন ক্যাম্পাসে ধর্মঘট পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
ঘটনার এক দিন পর ৫ এপ্রিল শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান বাদী হয়ে মতিহার থানায় হত্যা মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতিসহ আটজনকে আসামি করা হয়। এ ঘটনায় শিবিরের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডেও নেয় পুলিশ।
মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, রুস্তম হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শিবিরের ওপর দায় চাপায়। তবে হলের প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, হত্যাকাণ্ডের আগে ও পরে ছাত্রলীগের দুজন নেতা-কর্মী রুস্তমের কক্ষে ছিলেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। ফলে মামলাটির তদন্ত করার জন্য গোয়েন্দা পুলিশের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) প্রলয় চিসিম জানান, গুরুত্ব বিবেচনা করে অধিকতর তদন্তের জন্য গতকাল রাতে মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মামলার যাবতীয় কাগজ হাতে পেলে তদন্তের কাজ শুরু করা হবে। ঘটনাটি নিয়ে যতগুলো বিষয় আলোচনায় এসেছে, তার সব দিকই খতিয়ে দেখা হবে।