রুস্তমের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগের ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার সকাল থেকে ছাত্রলীগের ডাকা ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটে ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হলের নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতা রুস্তম আলী আকন্দ নিহত হন। ছাত্রলীগের অভিযোগ, ইসলামী ছাত্রশিবির পরিকল্পিতভাবে রুস্তমকে হত্যা করেছে। খুনের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছে ছাত্রলীগ।

ওই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল করিম জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, সকাল ১০টায় থেকে বিভিন্ন আবাসিক হল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত দলীয় টেন্টে জড়ো হন। এরপর তাঁরা কালো ব্যাজ পরেন। বেলা সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের উদ্যোগে দলীয় টেন্ট থেকে একটি মৌন মিছিল বের করা হয়। এতে বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেন। মৌন মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার দলীয় টেন্টে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান জানান, রুস্তমের হত্যাকারীদের শাস্তির দাবিতে ছাত্রলীগের ডাকা ধর্মঘটে সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, ‘আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর তারিকুল হাসান বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত চলছে। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তত্পর রয়েছে।

নগরের মতিহার থানার ওসি জানান, পুলিশ তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রুস্তম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার চকনারায়ণপুর গ্রামে।