
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোটের মনোনয়ন পেতে যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ রুস্তম আলী ফরাজী। জাপার এই সাংসদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করবেন।
নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত রোববার আশরাফুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন গতকাল সোমবার বিকেলে আশরাফুর রহমানের পদত্যাগপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানের কোন্দলের কারণে দলীয় নেতা-কর্মীরাও দ্বিধাবিভক্ত। ২০১৬ সালের ২৫ জুলাই দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে যুবলীগের কর্মী লিটন পণ্ডিত গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত তিন বছরে দুই নেতার অনুসারীদের মধ্যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দলীয় সূত্রে জানা গেছে, জাপার সাংসদ রুস্তম আলী ফরাজীর সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো নয়। আশরাফুর রহমানের সঙ্গে রুস্তম আলী ফরাজীর বিরোধ রয়েছে। আশরাফুর রহমানের অনুসারীরা রুস্তম আলী ফরাজীর সমর্থকদের ওপর কয়েক দফা হামলা চালিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় জাতীয় পার্টি সাংগঠনিকভাবে দুর্বল। এ অবস্থায় রুস্তম আলী ফরাজীর বিজয়ী হতে হলে আওয়ামী লীগের ওপর নির্ভরশীল হতে হবে। আওয়ামী লীগের একটি অংশ রুস্তম আলী ফরাজীকে ঠেকাতে আশরাফুর রহমানকে প্রার্থী করতে চাইছেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদের অনুসারীরা রুস্তম আলী ফরাজীর পক্ষ নিয়েছেন।
আশরাফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর অনুসারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফ উল হক বলেন, মহাজোট থেকে রুস্তম আলী ফরাজীকে মনোনয়ন দেওয়া হলে আশরাফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হবেন।
এই বিষয়ে কথা বলার জন্য রফিউদ্দিনের মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন ধরেননি। সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, ‘আমাদের দল বা জোট থেকে যিনি প্রার্থী হবেন, তাঁর পক্ষে কাজ করব।’
রুস্তম আলী ফরাজী বলেন, ‘আমি মহাজোটের প্রার্থী। কে স্বতন্ত্র প্রার্থী হলো তা আমার দেখার বিষয় না।
রুস্তম-আশরাফ বিরোধ
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেনকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী ফরাজী নির্বাচিত হন। এর আগে রুস্তম আলী ফরাজী সপ্তম জাতীয় সংসদে জাতীয় পার্টি ও অষ্টম জাতীয় সংসদে বিএনপির সাংসদ ছিলেন। তবে ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের একটি পক্ষের সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হন। ২০১৪ সালের মার্চে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে আশরাফুর রহমানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন রুস্তম আলী ফরাজী।