ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে গতকাল বুধবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে। রুহিয়া ইউনিয়নকে থানায় রূপান্তরের প্রক্রিয়া হিসেবে ইউনিয়নটির সীমানা ভাগ করে নতুন আরেকটি ইউনিয়ন গঠনের পর প্রকাশ করা গেজেট সংশোধনের দাবিতে ওই ইউনিয়নের বাসিন্দারা এই হরতালের ডাকা দেয়।সকাল ছয়টা থেকে হরতাল-সমর্থকেরা ইউনিয়নের বিভিন্ন সড়কে অবস্থান নেয়। এরপর তারা ঠাকুরগাঁও-আটোয়ারী সড়কের বিভিন্ন জায়গায় গাড়ির টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। ইউনিয়নের সব দোকানপাট ও অফিসের কার্যক্রম বন্ধ ছিল। হরতালের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ক্লাস ও নির্বাচনী পরীক্ষা বাতিল করা হয়।নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন জানান, সকাল আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. ইউসুফ মুসার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত রুহিয়া চৌরাস্তায় পৌঁছানোর পর তাঁর সঙ্গে থাকা একদল পুলিশ সড়কের টায়ারে জ্বালানো আগুন নেভাতে গেলে হরতালকারীরা উত্তেজিত হয়ে ওঠে। এরপর উত্তেজিত জনতা সকাল সাড়ে ১০টা পর্যন্ত সেখানে তাঁদের অবরোধ করে রাখে।সকাল পৌনে নয়টার দিকে পঞ্চগড় থেকে একটি ট্রেন রুহিয়া উত্তর রেলগেটে পৌঁছালে হরতালকারীরা লাঠিসোঁটা নিয়ে ট্রেনটি আটকে দেয়। বেলা পৌনে ১২টার দিকে দাঙ্গা-পুলিশ ঠাকুরগাঁও-আটোয়ারী সড়কের পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কাছে পৌঁছালে জনগণ লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাধা দেয়। হরতাল চলাকালে রুহিয়া চৌরাস্তায় আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান প্রমুখ।ঠাকুরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মে রুহিয়াকে থানা রূপান্তর করার জন্য রুহিয়া ইউনিয়নকে ভাগ করে রুহিয়া পশ্চিম নামে নতুন আরেকটি ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়ে গত ১৭ আগস্ট গেজেট প্রকাশ করা হয়। নতুন ইউনিয়ন গঠন করতে গিয়ে রুহিয়া ইউনিয়নের প্রসিদ্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান নতুন ইউনিয়নের সীমানায় পড়ে যায়। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘনিমহেশপুর মৌজায় পড়েছে।গেজেট সংশোধন করে সম্পূর্ণ ঘনিমহেশপুর মৌজাকে রুহিয়া ইউনিয়নের সীমানায় অন্তর্ভুক্তির দাবিতে ইউনিয়নবাসী গত ২০ আগস্ট নাগরিক কমিটি গঠন করে অন্দোলন শুরু করে।