জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে পুনর্বহালের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে পটুয়াখালী শহরে জেলা জাপার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
পরে প্রতিবাদ সমাবেশ থেকে আগামী তিন দিনের মধ্যে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব পদে পুনর্বহাল না করা হলে জেলার নেতা-কর্মীরা গণপদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
গত বৃহস্পতিবার সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে দলের মহাসচিব হিসেবে নিয়োগ দেন চেয়ারম্যান এইচ এম এরশাদ। রুহুল আমিন হাওলাদারকে অব্যাহতি দেওয়ার খবরে তাঁর নিজ জেলা পটুয়াখালীতে জাপার নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল বিকেলে জাপার নেতা-কর্মীরা মিছিল শেষে শহরের লঞ্চঘাট চত্বরে সমাবেশ করেন।
জেলা জাপার সভাপতি (ভারপ্রাপ্ত) খায়রুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গাজী জয়নাল আবেদিন, রাজ্জাক হাওলাদার, জাকির মাহমুদ প্রমুখ। এদিকে মির্জাগঞ্জে একই দাবিতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।