রুহুল আমিনের হলফনামা চেয়েছে দুদক
দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সম্পদের হিসাব তদন্তের জন্য নির্বাচন কমিশনের কাছে তাঁর হলফনামা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক হামিদুল হাসান গতকাল সোমবার এ বিষয়ে কমিশনের কাছে চিঠি দিয়েছেন।
চিঠিতে নবম ও দশম সংসদ নির্বাচনের সময় রুহুল আমিনের হলফনামার তথ্য চাওয়া হয়েছে। পটুয়াখালী-১ আসন থেকে নির্বাচিত রুহুল আমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সূত্র জানায়, সরকারি সম্পত্তি দখলের অভিযোগে অনুসন্ধানের স্বার্থে তথ্য চেয়েছে দুদক। ২২ এপ্রিলের মধ্যে হলফনামাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি পাঠাতে বলা হয়েছে।
এদিকে গতকাল বিকেলে নির্বাচন কমিশন থেকে বাগেরহাট-৪ আসনের সরকারদলীয় সাংসদ মোজাম্মেল হোসেনের নবম ও দশম সংসদের হলফনামা দুদকে পাঠানো হয়েছে। কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ আহাম্মদ খান এ তথ্য নিশ্চিত করেন।