ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান নাসের ও কৃষক দলের সভাপতি আবুবকর সিদ্দিককে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতির প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। এই ঘটনায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ওই দুই নেতা।গতকাল বিকেলে পুরান ঢাকার কোর্ট হাউস স্ট্রিটের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দুই নেতা এই হুমকি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতান নাসের বলেন, ‘বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা প্রত্যাহার করতে পারে কেবল স্থায়ী কমিটি অথবা চেয়ারম্যান নিজে। কিন্তু যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একক সিদ্ধান্তে আমাদের যেভাবে দল থেকে অব্যাহতির পত্র দিয়েছেন, তা অগঠনতান্ত্রিক, কাউকে সন্তুষ্ট করার কৌশল মাত্র।’সুলতান নাসের বলেন, উদ্দেশ্যপ্রণোদিত এই অব্যাহতির কারণে তাঁদের রাজনৈতিক ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য তাঁরা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, যুবদলের নেতা হাজি নজরুল ইসলাম ও আবুবকর সিদ্দিক কাওসার।