রুহুল কুদ্দুস তালকদার দুলুর ছয় মাসের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কুদ্দুস তালকদার দুলু
রুহুল কুদ্দুস তালকদার দুলু

নাটোরে শহর যুবলীগের নেতা পলাশ কর্মকার হত্যা মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালকদার দুলুর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ হাসান আরিফ ও এ জে মোহাম্মদ আলী। তাঁদের সহায়তা করেন আইনজীবী হামিদুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
আদেশের বিষয়টি জানিয়ে হামিদুর রহমান ‘প্রথম আলো’কে বলেন, ওই মামলায় রুহুল কুদ্দুস তালকদার দুলুর জামিন প্রশ্নে রুলের শুনানি শেষে গত বছরের ১৬ জুন হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে আপিল করা হলে গত ২৯ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল ঘোষণা করেন। তবে চার মাস পর বিচারিক আদালতে নথিপত্রের ভিত্তিতে নতুন করে আবেদন করা যেতে পারে বলে মত দেওয়া হয়। এর ধারাবাহিকতায় হাইকোর্টের আবেদন করা হয়।

তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ‘প্রথম আলো’কে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
আদালত সূত্র জানায়, নাটোর শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ কর্মকার ২০১২ সালের ৮ ডিসেম্বর নাটোরে গুলিবিদ্ধ হন। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পর পলাশ মারা যান। ওই ঘটনায় ৯ ডিসেম্বর নাটোর থানায় একটি মামলা হয়। মারা যাওয়ার পর ওই মামলায় হত্যা-সংশ্লিষ্ট ধারা যুক্ত হয়। এ মামলায় দুলুকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ২ জানুয়ারি নাটোর দায়রা জজ আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে দেন। পরে দুলু হাইকোর্টে জামিন আবেদন করলে ১৩ মে আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে জামিন স্থগিত হয়। গত বছরের ২৮ মে আপিল বিভাগ জামিন স্থগিত করে দেওয়া আদেশ অব্যাহত থাকবে বলে ছয় সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করতে বলেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ১৬ জুন হাইকোর্ট তা মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে গত ২৯ জুলাই আপিল বিভাগ আদেশ দেন। এরপর গত বছরের ৬ অক্টোবর হাইকোর্টে আবার জামিনের আবেদন করা হয়।