রুহুল কুদ্দুসকে নাটোর কারাগারে রাখার নির্দেশ
হত্যা মামলায় কারাগারে আটক বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদারকে আদালতের অনুমতি ছাড়া অন্য কারাগারে স্থানান্তর না করার নির্দেশ দিয়েছেন নাটোরের একটি আদালত। গত মঙ্গলবার রাতে নাটোরের কারা কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়া হয়েছে।নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালত সূত্রে জানা যায়, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক পলাশ চন্দ্র কর্মকার হত্যা মামলায় রুহুল কুদ্দুস তালুকদারকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর আইনজীবী অভিযোগ করেন, আদালতের নির্দেশ না নিয়ে নাটোর কারা কর্তৃপক্ষ তাঁকে ১৭ জানুয়ারি দিনাজপুর কারাগারে স্থানান্তর করা হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাজিরা দিতে আসায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তাৎক্ষণিক নাটোর কারাগারের তত্ত্বাবধায়ককে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলেন।কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক আদালতে হাজির হয়ে অভিযোগ স্বীকার করেন এবং দিকনির্দেশনা চান। আদালত এ ব্যাপারে পরে আদেশ দেওয়ার কথা জানান। রাত সাড়ে আটটায় আদালত কারা কর্তৃপক্ষকে আদালতের বিনা অনুমতিতে রুহুল কুদ্দুস তালুকদারকে অন্যত্র স্থানান্তর না করার নির্দেশ পাঠান। কারা তত্ত্বাবধায়ক গতকাল বুধবার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী রুহুল কুদ্দুস তালুকদারকে নাটোরেই রাখা হয়েছে। তাঁর চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।গত ৮ ডিসেম্বর রাতে রুহুল কুদ্দুস তালুকদারের নাটোরের বাসার সামনে গুলাগুলির ঘটনায় পলাশ চন্দ্র কর্মকার নিহত হন। ওই ঘটনায় তাঁকে প্রধান আসামি করে মামলা করা হয়। ওই দিন তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। ১৭ জানুয়ারি রাতে কারা কর্তৃপক্ষ গোপনে তাঁকে দিনাজপুর কারাগারে স্থানান্তর করে।