অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া রুহুল কুদ্দুসসহ নয়জনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সরকার ও ওই নয়জনকে আগামী এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে আসলাম হত্যা মামলার বিচারিক কার্যক্রমও তিন মাসের জন্য স্থগিত করেন আদালত।জানা গেছে, ১৯৮৮ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রশিবিরের নেতা আসলাম হোসেন নিহত হন। এ ঘটনায় তাঁর রুমমেট নায়েব আলী বাদী হয়ে রুহুল কুদ্দুসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি রুহুল কুদ্দুসসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। চলতি বছরের ৮ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলা থেকে রুহুল কুদ্দুসসহ নয় আসামিকে অব্যাহতি দেন রাজশাহীর আদালত। উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল সরকার হাইকোর্টে ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয়। তাঁদের মধ্যে ১৫ জনকে ১৮ এপ্রিল শপথ পাঠ করান প্রধান বিচারপতি। তবে রুহুল কুদ্দুসসহ অন্য দুজনকে এখনো শপথ পড়ানো হয়নি।