রুহুল কুদ্দুসকে হত্যা মামলা থেকে অব্যাহতির বিরুদ্ধে রিভিশন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পাওয়া রুহুল কুদ্দুসকে খুনের মামলার অভিযোগ থেকে অব্যাহতির বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়টি শুনানির জন্য ছিল। সরকারপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৪ জুলাই শুনানির দিন ধার্য করেন।চলতি বছরের ১১ এপ্রিল সরকার হাইকোর্টে ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয়। তাঁদের মধ্যে ১৫ জনকে ১৮ এপ্রিল শপথ পাঠ করান প্রধান বিচারপতি। রুহুল কুদ্দুসসহ অপর দুজনকে এখনো শপথ পড়ানো হয়নি। জানা গেছে, ১৯৮৮ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রশিবিরের নেতা আসলাম হোসেন নিহত হন। এ ঘটনায় তাঁর রুমমেট নায়েব আলী বাদী হয়ে রুহুল কুদ্দুসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি রুহুল কুদ্দুসসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। চলতি বছরের ৮ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলা থেকে রুহুল কুদ্দুসসহ নয় আসামিকে অব্যাহতি দেন রাজশাহীর আদালত। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ২ মে রিভিশন মামলা করেন নিহতের বাবা জিন্নাত আলী। এতে নিম্ন আদালতের ওই আদেশ বাতিলের আবেদন করা হয়েছে।