রুহুল হক, মান্নান খানসহ সাতজনের হলফনামা অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সাতজনের হলফনামা বিষয়ে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য গতকাল বুধবার সাতজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক।
এই সাতজন হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ আ ফ ম রুহুল হক, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ মাহবুবুর রহমান, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নবম সংসদের মতো এবারও আওয়ামী লীগের তিন সাংসদ কক্সবাজারের আবদুর রহমান বদি, ঢাকার আসলামুল হক, রাজশাহীর এনামুল হক এবং সাতক্ষীরার জাতীয় পার্টির সাবেক সাংসদ এম এ জব্বার। এম এ জব্বার নবম সংসদে সাংসদ ছিলেন। আব্দুল মান্নান খান দশম সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে পরাজিত হয়েছেন।
এই সাতজনের বিষয়ে অনুসন্ধান করবেন যথাক্রমে দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম, উপপরিচালক খায়রুল হুদা, উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, উপপরিচালক আহসান আলী, উপপরিচালক শেখ ফায়েজ আলম, উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক ও সহকারী পরিচালক মাসুদুর রহমান। বিষয়টি নিশ্চিত করে উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, অনুসন্ধান কর্মকর্তাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। বুধবার (গতকাল) থেকেই তাঁরা অনুসন্ধান শুরু করছেন। তাঁদের তত্ত্বাবধানে রয়েছেন বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২-এর মহাপরিচালক সালাউদ্দিন আহমেদ।
দুদকের সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায় থেকে কয়েকজনের বিষয়ে অনুসন্ধান করতে দুদক কর্তৃপক্ষকে বলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে এসব ব্যক্তির বিষয়ে তথ্য দুদককে দেওয়া হয়েছে।
হলফনামা অনুযায়ী, আব্দুল মান্নান খানের ২০০৮ সালের প্রায় সাড়ে ১০ লাখ টাকার সম্পদ বেড়ে হয়েছে প্রায় সাড়ে ১১ কোটি টাকা। রুহুল হকের স্ত্রী ইলা হকের সম্পদ গত পাঁচ বছরে ৭৮২ শতাংশ বেড়েছে, রুহুল হকের অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ১১০ শতাংশ। মাহবুবুর রহমান গত পাঁচ বছরে দুই হাজার ৮৪৫ একর জমি কিনেছেন, ব্যাংকে তাঁর জমা টাকা বেড়েছে ৫৮৬ দশমিক ৭৫ গুণ, জমি বেড়েছে ১৪৩ দশমিক ২৫ গুণ এবং বার্ষিক আয় বেড়েছে ৭৯ দশমিক ২৩ গুণ। আবদুর রহমানের গত পাঁচ বছরে আয় বেড়েছে ৩৫১ গুণ। গত পাঁচ বছরে আসলামুল হকের ঘোষিত সম্পত্তি (জমি) বেড়েছে ৩৪ গুণের বেশি। রাজশাহীর সাংসদ ও আবাসন ব্যবসায়ী এনামুল হকের বিরুদ্ধে সরকারের সঙ্গে ব্যবসা করাসহ বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এম এ জব্বারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।