রুয়ান্ডায় আটক ৬৪ বাংলাদেশিকে দেশে পাঠানো হচ্ছে
আফ্রিকার দেশ রুয়ান্ডায় আটক ৬৪ বাংলাদেশিকে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। গত মঙ্গলবার ওই দেশের রাজধানী কিগালির দুটি বাড়ি থেকে তাঁদের আটক করে পুলিশ। রুয়ান্ডার পুলিশ বলছে, বিদেশে ভালো চাকরি দেওয়ার লোভ দেখিয়ে এক থেকে দেড় লাখ করে টাকা নিয়ে এঁদের পাচার করা হচ্ছিল।রুয়ান্ডা পুলিশের মুখপাত্র এরিক কায়ারিঙ্গা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আটক ব্যক্তিদের তাঁদের দেশে ফেরত পাঠাতে ঢাকার অভিবাসন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।রুয়ান্ডার পুলিশ বলছে, এসব বাংলাদেশিকে মোজাম্বিকে পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আগের দিন সাত্তার মিয়া নামের এক বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকেই ওই ৬৪ জনের ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পায় পুলিশ। এর পরই কিগালির ভিন্ন ভিন্ন এলাকার দুটি বাড়ি থেকে ওই ৬৪ জনকে উদ্ধার করে পুলিশ। এঁরা সবাই পুরুষ। বয়স ২০ থেকে ৫০ বছর। এরিক কায়ারিঙ্গা বলেন, কাজ দেওয়ার কথা বলে এসব লোকের কাছ থেকে এক-দেড় লাখ টাকা করে নেওয়া হয়েছে। সাত্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রুয়ান্ডায় বসে তিনি কীভাবে মানব পাচারের সমন্বয় করছিলেন, সে ব্যাপারে পুলিশের কাছে বিস্তারিত তথ্য রয়েছে। এর আগে ২০০৬ সালে মাদাগাস্কারে মানুষ পাচারের সময় একবার পুলিশ তাঁকে আটক করেছিল। রুয়ান্ডা পুলিশের ধারণা, দুবাই থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা হয়ে রুয়ান্ডা এবং তারপর মোজাম্বিকের রাজধানী মপুতো পর্যন্ত মানব পাচারের একটি চক্র গড়ে তুলেছেন সাত্তার ও তাঁর সহযোগীরা।