রুয়েটের উপাচার্যকে অব্যাহতি
সরকার-সমর্থক শিক্ষক ও ছাত্রলীগের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য সিরাজুল করিম চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী উপাচার্য নিয়োগ না করা পর্যন্ত সহ-উপাচার্য মর্ত্তুজা আলীকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ রুয়েটে পাঠানো হয়েছে। রুয়েটের রেজিস্ট্রার আবুল বাশার ওই আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকালই মর্ত্তুজা আলী উপাচার্যের দায়িত্ব নিয়েছেন।আগামী সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ ছিল সিরাজুল করিম চৌধুরীর। কিন্তু গত বছরের শেষ দিকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন। এই আন্দোলনে নেতৃত্ব দেন প্রগতিশীল শিক্ষক ও ছাত্রলীগের নেতারা।সমাবর্তন আবারও স্থগিত: এদিকে বিশ্ববিদ্যালয়টির চতুর্থ সমাবর্তন দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সদ্য বিদায়ী উপাচার্যের সভাপতিত্বে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় সমাবর্তন আয়োজনের অনুকূল পরিস্থিতি না থাকায় ৯ মার্চের সমাবর্তন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। প্রথমে ২ মার্চ সমাবর্তন হওয়ার কথা থাকলেও দেশের উদ্ভূত পরিস্থিতিতে তা পেছানো হয়।উপাচার্যের দায়িত্ব পাওয়া মর্ত্তুজা আলী বলেন, আচার্য ও রাষ্ট্রপতির অনুমতি নিয়ে সমাবর্তনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।