রূপ ফিরে পেল ছাত্রাবাসটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পোড়ার পর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ভবনের এই অবস্থা হয়। আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ১৮ মাস ধরে ভবনটিতে সংস্কারকাজ চলে l ফাইল ছবি
আগুনে পোড়ার পর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ভবনের এই অবস্থা হয়। আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ১৮ মাস ধরে ভবনটিতে সংস্কারকাজ চলে l ফাইল ছবি

‘সেমিপাকা আসাম’ কাঠামোর নির্মাণশৈলী ছিল। আগুনে ভস্মীভূত হওয়ার পর কিছুই যেন আর অবশিষ্ট ছিল না। শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পর্যন্ত কেঁদেছিলেন দুর্বৃত্তপনার ভয়াবহতা দেখে। সেই পোড়া ছাত্রাবাস পুনর্নির্মাণে যেন আগের রূপ আরও উজ্জ্বল হয়ে ফিরে পেয়েছে।
শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের অবিকল পুনর্নির্মাণে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষানুরাগী—সবাই খুশি। গতকাল মঙ্গলবার দুপুরে নিজেই উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
‘আমি এই ছাত্রাবাসেরই একজন বাসিন্দা ছিলাম। পোড়া ছাত্রাবাস দেখে তাই কেঁদেছিলামও। এখন আমি খুশি। আগে যেমন রকম ছিল, সে রকমই হয়েছে। আগের রূপে ফেরাতে অনেক বেগ পেতে হয়েছে। অবিকল আগের মতো হওয়ায় এটি এখন জাতীয় ঐতিহ্য।’ গতকাল ছাত্রাবাস উদ্বোধনের পর এভাবেই প্রথম আলোর কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
সিলেট নগরের টিলাগড় এলাকায় পাহাড়-টিলাঘেরা এলাকায় এমসি কলেজের অবস্থান। শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র রায়ের পিতামহ মুরারিচাঁদের (এমসি) নামানুসারে ১৮৯২ সালে প্রতিষ্ঠা হয় এমসি কলেজ। ১৯২১ সালে কলেজের পাশে নির্মিত হয় ছাত্রাবাস। ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর সেমিপাকা আসাম কাঠামোয় তৈরি ছাত্রাবাস ভবনগুলো ছিল দর্শনীয়।
২০১২ সালের ৮ জুলাই রাতে ছাত্রশিবির-ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে পোড়ানো হয় ছাত্রাবাসের ৪২ কক্ষ। ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। ছাত্রাবাস পোড়ানোর চার দিন পর ১২ জুলাই শিক্ষামন্ত্রী পরিদর্শন করেন। তিনি ছাত্র থাকাকালে ১৯৬২ সালে ওই ছাত্রাবাসের প্রথম ব্লকে থাকতেন। পরিদর্শনের সময়ে তিনি ওই কক্ষে ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় শিক্ষানুরাগীদের পক্ষ থেকে তখন দাবি উঠেছিল আগের কাঠামোয় পুনর্নির্মাণের।

ছাত্রাবাস উদ্বোধনের পর গতকাল ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দসহ অন্যরা l প্রথম আলো
ছাত্রাবাস উদ্বোধনের পর গতকাল ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দসহ অন্যরা l প্রথম আলো

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনা ছিল আগের কাঠামোয় অবিকল পুনর্নির্মাণ। আসাম টাইপেই কাঠ ও টিনের চালার আদলেই তৈরি করা হয়েছে। এ জন্য অতিরিক্ত প্রায় ১৮ মাস সময় বেশি লেগেছে।
গতকাল উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে ছাত্রাবাস কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। আগের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর ব্যবস্থা প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, ‘এবার বহিরাগতরা যাতে ছাত্রাবাসে স্থান না পায়, সে লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ কিছু নিয়মকানুন চালু করবে। পাশাপাশি মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ছাত্রবাসে সিট বরাদ্দ দেওয়া হবে।’
ছাত্রাবাসে অগ্নিসংযোগের পর অভিযোগ ওঠে, শিবিরকে তাড়াতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আগুন দিয়ে মিছিল করেন। কলেজ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করে। প্রায় এক মাস পর কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটি অগ্নিসংযোগের জন্য ছাত্রলীগের ‘বহিরাগত’দের দায়ী করে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে। পোড়ানোর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তার না হওয়া নিয়ে শিক্ষার্থী মহলে কিছুটা ক্ষোভ দেখা গেছে গতকাল ছাত্রাবাস উদ্বোধনের দিনে।
ডিজিটাল শ্রেণি কার্যক্রম উদ্বোধন: ছাত্রাবাস উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী এমসি কলেজে ডিজিটাল শ্রেণি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, ‘বিশ্বমানে পৌঁছাতে হলে আধুনিক ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সব কলেজে ডিজিটাল শ্রেণি কক্ষ চালু করা হয়েছে। বাংলাদেশে এখন ২০ হাজার ৫০০ ডিজিটাল ক্লাসরুম রয়েছে। আরও সাড়ে তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাসরুম করা হবে।’