রূপকল্প ২০২১ বাস্তবায়নে নেদারল্যান্ডসের রানির সহায়তার আশ্বাস
বাংলাদেশের ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন সফররত নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। রানি বলেন, বাংলাদেশের উন্নয়নে সহায়তা দেওয়ার জন্য নেদারল্যান্ডস সব সময় প্রস্তুত, যাতে এ দেশ রূপকল্প ২০২১ অর্জন করতে পারে। খবর বাসসের।
আজ বুধবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ডাচ রানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিন দিনের সফরে গত সোমবার বাংলাদেশে আসেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট-বিষয়ক বিশেষ দূত হিসেবে এ সফরে এসেছেন তিনি।
রানি বলেন, তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আর্থিক কর্মকাণ্ড বিশেষ করে এটুআই প্রোগ্রামের ডিজিটাইজেশন প্রকল্প ও মোবাইল ব্যাংকিং সেবা দেখে খুব খুশি ও চমৎকৃত। বর্তমানে বাংলাদেশের দুই কোটি ৯০ লাখ লোক মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করছে জানতে পেরে তিনি খুশি।
ডাচ রানি আর্থসামাজিক খাতে এবং ডিজিটাইজেশন কর্মসূচিতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি লাভের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার আর্থসামাজিক ক্ষেত্রে অনেক ভালো কাজ করেছে।