রূপকল্প-২০২১ বাস্তবায়নে পাশে থাকবে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের নাগোয়া শহরের একটি হোটেলে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
জাপানের নাগোয়া শহরের একটি হোটেলে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশটির নাগোয়া শহরের একটি হোটেলে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, জি-৭-এর আউটরিচ (সম্প্রসারিত) বৈঠকে শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
দুই প্রধানমন্ত্রীর বৈঠককে প্রত্যাশার চেয়েও সফল উল্লেখ করে শহীদুল হক বলেন, শেখ হাসিনা জাপানকে একটি বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব অনুযায়ী জাপানের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত পণ্য আবার জাপানকেই কিনে নেওয়ার আহ্বান জানানো হয়। প্রস্তাবটি যাচাই করে দেখতে জাইকাকে নির্দেশ দিয়েছেন শিনজো আবে।
পররাষ্ট্রসচিব জানান, অন্যান্য বিষয়ের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি ঋণ, জ্বালানি দক্ষতা, ন্যানো টেকনোলজি ও সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী জাপানের সহায়তা চেয়েছেন। প্রতিটি বিষয় বিবেচনার আশ্বাস মিলেছে জাপানের পক্ষ থেকে।
এ ছাড়া, জাপান ২০১৯ সালের মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের বিষয়ে ত্বরিত পদক্ষেপ গ্রহণেও নীতিগতভাবে সম্মত হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। শহীদুল হক বলেন, দুই প্রধানমন্ত্রী চট্টগ্রামে বাস্তবায়নাধীন বিগ-বি প্রকল্পের অগ্রগতি এবং জাপানের এই মেগা প্রকল্পে সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা করেন।
বৈঠকে শিনজো আবে জানান, এখন থেকে কূটনৈতিক পাসপোর্টধারীরা জাপানে ‘অন অ্যারাইভাল’ ভিসা পাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে নিটওয়্যার রপ্তানির কিছু ক্ষেত্রে ‘রুলস অব অরিজিন’ শিথিল করায় জাপানে বাংলাদেশের নিটওয়্যার রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী শিনজো আবেকে ধন্যবাদ জানান। তখন আবে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে এটা ভবিষ্যতে আরও শিথিল করার আশ্বাস দেন।
বার্তা সংস্থা বাসস জানায়, বাংলাদেশকে প্রতিশ্রুত ৬০০ কোটি ডলারের আর্থিক সহায়তা প্রদানের অংশ হিসেবে এ বছর ১৫০ কোটি ডলার দেওয়ার আশ্বাস দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।
শ্রীলঙ্কায় আরও ত্রাণ পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ: নাগোয়াতেই গতকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কায় আরও ত্রাণসামগ্রী পাঠাতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফকালে প্রেসসচিব ইহসানুল করিম বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দেওয়া একটি তালিকার ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পণ্যসামগ্রীগুলো পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎক্ষণাৎ নির্দেশ দেন। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে শ্রীলঙ্কায় অনেক ত্রাণ পাঠিয়েছে। আরও পাঠাবে।
বৈঠকে দুই দেশের মধ্যে পুরোনো চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে এই সম্পর্ক আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন শেখ হাসিনা ও সিরিসেনা।
চ্যান্সারি ভবন উদ্বোধন: বার্তা সংস্থা বাসস জানায়, জাপানে গতকাল বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত চ্যান্সারি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওর কেন্দ্রস্থল কিওইচোর ছিওদা-কুতে ৭১৪ বর্গমিটার এলাকায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই ভবনটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘জাপান হচ্ছে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশগুলোর একটি এবং বৃহত্তম উন্নয়ন অংশীদার। তাই আমরা ঐতিহাসিক টোকিও নগরীর কেন্দ্রস্থলে আমাদের নিজস্ব একটি ঠিকানা পেয়ে নিঃসন্দেহে গর্বিত।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।