রূপগঞ্জ গ্যাসক্ষেত্র নিয়ে শঙ্কায় পূর্বাচলের প্লটমালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের মধ্যে রূপগঞ্জ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হওয়ায় শঙ্কায় পড়েছেন পূর্বাচলের প্লটমালিকেরা। কারণ, তাঁরা মনে করছেন, গ্যাসক্ষেত্রটি উন্নয়নের জন্য সেখানে প্রয়োজনীয় জমি বরাদ্দ করা হলে অনেক মালিক প্লট হারাতে পারেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাজউক ও গ্যাসক্ষেত্র আবিষ্কার করা বাপেক্সের দায়িত্বশীল সূত্রগুলো প্রথম আলোকে জানায়, প্লটমালিকদের শঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই। কেননা গ্যাসক্ষেত্রের জন্য আরও কিছু জমি বরাদ্দ করা হলেও সে কারণে কোনো বরাদ্দপ্রাপ্ত মালিক তাঁর প্লট হারাবেন না। শুধু ২০ নম্বর সেক্টরের অল্প কিছু প্লট স্থানান্তর করতে হতে পারে।
সূত্রগুলো জানায়, এই গ্যাসক্ষেত্র আবিষ্কারের ফলে পূর্বাচল নতুন শহরের জন্য ভালোই হয়েছে।রাজউক অনুসন্ধান কূপ খননের জন্য জমি বরাদ্দের সময়ই বলে রেখেছে, সেখানে গ্যাস আবিষ্কৃত হলে পূর্বাচলে গ্যাস-সংযোগ দিতে হবে। গ্যাসক্ষেত্রটি উন্নয়নের জন্য দরকার হলে আরও জমি দেওয়া হবে। এর ফলে পূর্বাচলে গ্যাসও পাওয়া যাবে।
ঢাকার সন্নিকটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে গত ২১ জুন এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স। গ্যাস আবিষ্কারের জন্য যেখানে অনুসন্ধান কূপটি করা হয়েছে, সেটি পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২০ নম্বর সেক্টরের একটি খেলার মাঠ হিসেবে প্রকল্পে নির্ধারিত আছে।
গ্যাসক্ষেত্রটি উন্নয়নের বিষয়ে জানতে চাইলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকী বলেন, ঢাকা ও এর আশপাশে সঠিক চাপে গ্যাস সরবরাহের জন্য রূপগঞ্জ ক্ষেত্রের গ্যাস উত্তোলন অপরিহার্য। তিনি বলেন, রাজউক অনুসন্ধান কূপ খননের জন্য তিন একর জায়গা বরাদ্দ দিয়েছিল। এখন সেখানে আরও একটি কূপ খনন করতে হবে এবং গ্যাস প্রক্রিয়াকরণ (প্রোসেসিং) প্ল্যান্ট বসাতে হবে। এ ছাড়া গ্যাসক্ষেত্রে সার্বক্ষণিক কর্তব্যরত ব্যক্তিদের জন্য আবাসিক ব্যবস্থা ও আনুষঙ্গিক কিছু স্থাপনা নির্মাণ করতে হবে। এ জন্য আরও সর্বোচ্চ পাঁচ একর জমি দরকার হবে।
নাম প্রকাশ না করার শর্তে রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, জমি বরাদ্দের ব্যাপারে প্রস্তাব এলে বিবেচনা করা হবে। তবে সে জন্য প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের দুঃশ্চিন্তার কোনো কারণ নেই। গ্যাসক্ষেত্রের জন্য জায়গা বরাদ্দ করা হলেও সে জন্য প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের কেউ প্লট হারাবেন না।