নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (২৯)। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মৈকুলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত হাসিবুর রূপগঞ্জের রূপসী গ্রামের মনির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ছাত্রলীগের দুই নেতা মোটরসাইকেলে করে তারাব বিশ্বরোড এলাকা থেকে রূপসী গ্রামে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে মৈকুলী এলাকায় একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুজন। আশপাশের লোকজন হাসিবুরকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অপর আহত হাফিজুরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জানান, ভটভটিটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।