রূপগঞ্জে অভিযান সমাপ্ত মামলা সিআইডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলাশয় থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের অভিযান ১০ দিনের মাথায় গতকাল শনিবার সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় দায়ের মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে।
অভিযান সমাপ্ত ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেন, গতকাল ওই জলাশয় থেকে আরও একটি রকেট লঞ্চার শেলসহ বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। জলাশয়ে আর অস্ত্র বা বিস্ফোরক নেই নিশ্চিত হয়েই উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।
১ জুন রাত থেকে পরের দিন বিকেল পর্যন্ত রূপগঞ্জের একটি জলাশয় থেকে বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এরপর জলাশয়ে আরও তল্লাশি চালানো হয়। ৩ জুন রূপগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে আরও পাঁচটি এসএমজি উদ্ধার করা হয়। ৭ জুন পানি নিষ্কাশনের একপর্যায়ে জলাশয় থেকে আরেকটি রকেট লঞ্চারের শেল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মঈনুল হক বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় ৩ জুন রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। আসামিদের মধ্যে পাঁচজন গ্রেপ্তার আছেন। মামলাটি তদন্ত করছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হাসান। তবে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করায় এখন তদন্তের দায়িত্ব পেয়েছেন সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এহসান উদ্দিন চৌধুরী।