রূপগঞ্জে আ. লীগের নেতাকে বরখাস্তের প্রতিবাদে সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে দলটির কিছু সমর্থক দুই দফা সড়ক অবরোধ করেছেন। গত শনিবার রাতে ও গতকাল রোববার ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালনী কালারবাড়ী এলাকায় এ অবরোধ করা হয়।অবরোধের কারণে গত শনিবার রাত পৌনে আটটা থেকে ১০টা পর্যন্ত ঢাকা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় দিকে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় আট-নয়টি গাড়ি ভাঙচুর করা হয়। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রোববার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একই জায়গায় অবরোধ করা হয়। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়া জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত শনিবার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাস্টারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।