রূপগঞ্জে আ.লীগের দুই পক্ষে সমঝোতা!
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে সাবেক সাংসদ শামীম ওসমানের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী ও রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া। বৈঠক শেষে গোলাম দস্তগীর গাজী টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সবাই দলীয় শৃঙ্খলা মেনে চলবেন। দলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে আলাপ করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলনের দিন নির্ধারণ করা হবে।’ রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়াও একই কথা বলেন। সমঝোতা বৈঠক শেষে শামীম ওসমান প্রথম আলোকে বলেন, ‘খুব সুন্দর পরিবেশে আলোচনার মাধ্যমে দুজনের মধ্যে সমঝোতা হয়েছে। সমঝোতার পরে দুজনে কোলাকুলি করেছেন। আলোচনার ফলাফল তাৎক্ষণিকভাবে টেলিফোনে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবিরকে জানিয়েছি।’ বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান ও শহর আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহা। গত মঙ্গলবার রূপগঞ্জে আওয়ামী লীগদলীয় সাংসদ-সমর্থিত এবং উপজেলা চেয়ারম্যান-সমর্থিতদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ২০ জন আহত হয়। এ সময় উপজেলা পরিষদের তিনটি অফিস ও কর্মচারীদের বেশ কয়েকটি আবাসিক কোয়ার্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের গাড়িসহ চারটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা পণ্ড হয়ে যায়।