রূপগঞ্জে আগুন নেভাতে গিয়ে আটজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার রাতে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সুতা ও তুলাসহ মেশিনারিজ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১০ জন। এঁদের মধ্যে আটজনই অগ্নিদগ্ধ। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত নোয়াব স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় মিল শ্রমিকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন ইসমাইল (৪২), রোকনুজ্জামান (৩৭), ওয়াদুদ (২৫), আসমা (৩০), আফরোজা (৩০), হাফিজুল ইসলাম (১৮), নাসিমা (১৬) ও হাওয়া (১৮)। তাঁরা সবাই কারখানাটির শ্রমিক বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মোমতাজ উদ্দিন জানান, গ্যাসের লিকেজ বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।