রূপগঞ্জে আরেকটি গ্যাসস্তর পেয়েছে বাপেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সদ্য আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটিতে গ্যাসের আরেকটি স্তর পেয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি—বাপেক্স৷ ক্ষেত্রটির পূর্বাচল নতুন শহরে খনন করা অনুসন্ধান কূপের তিন হাজার ৩০০ মিটার গভীরের প্রায় ছয় মিটার পুরু ওই স্তরটি থেকে গতকাল শনিবার বেলা সোয়া একটায় গ্যাসের প্রবাহ শুরু হয়৷
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকি প্রথম আলোকে বলেন, ওই সময় কূপটি থেকে আড়াই হাজার পিএসআই (প্রতি বর্গইঞ্চিতে আড়াই হাজার পাউন্ড) চাপে গ্যাস উঠছিল৷ বাপেক্স দ্বিমাত্রিক ভূকম্পন জরিপে পাওয়া সূত্র ধরে পূর্বাচলে অনুসন্ধান কূপটি খনন করে ক্ষেত্রটি পেয়েছে। এটি দেশের ২৬তম গ্যাসক্ষেত্র৷
জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, নতুন স্তরের গ্যাসের চাপ ও পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে ধারণা করা যায় যে ক্ষেত্রটিতে অন্তত ৫০ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) গ্যাস মজুত আছে। কূপটি থেকে প্রতিদিন এক কোটি (১০ মিলিয়ন) ঘনফুট হারে গ্যাস তোলা যাবে। আর মাত্র সাড়ে চার কিলোমিটার পাইপলাইন বসিয়েই ওই গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া যাবে।
পেট্রোবাংলার চেয়ারম্যানের ধারণা অনুযায়ী, ক্ষেত্রটিতে ৫০ বিসিএফ গ্যাস থাকলে প্রতিদিন এক কোটি ঘনফুট হিসেবে প্রায় ১৪ বছর ধরে গ্যাস তোলা যাবে। এর ফলে ঢাকা ও এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যার সমাধান হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন।
এর আগে ১৪ জুন কূপটির তিন হাজার ৬০০ মিটার গভীরের একটি স্তর থেকে গ্যাসের প্রবাহ শুরু করার মাধ্যমে বাপেক্স ক্ষেত্রটির আবিষ্কার সম্পর্কে নিশ্চিত হয়। তবে গ্যাসের ওই স্তরটি মাত্র দেড় মিটার পুরু হওয়ায় সেদিন এ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। দ্বিতীয় স্তরটি থেকে গ্যাস প্রবাহিত করার পর ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যা গতকাল দেওয়া হলো।
বাপেক্স ২০১০ সালে রূপগঞ্জের ১০৯ লাইন কিলোমিটারজুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়। সেই জরিপে পাওয়া তথ্যসূত্র অনুযায়ী রাজউকের পূর্বাচল নতুন শহরে অনুসন্ধান কূপটি খনন করা হয়। সেখানে গ্যাস পাওয়ায় ক্ষেত্রটির সম্ভাবনা সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য আগামী শুকনা মৌসুমেই ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছ।