রূপগঞ্জে এক লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেল স্কুলছাত্র
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে অপহৃত স্কুলছাত্র ফাহাদ মিয়াকে (১৪) এক লাখ টাকা নিয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। ফাহাদ মিয়া স্থানীয় ভাওয়ানী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে তারাব এলাকার গোলজার হোসেনের ছেলে।
অপহরণের শিকার ফরহাদের বাবা গোলজার হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মামার বাড়ি রূপগঞ্জের রূপসী এলাকায় বেড়াতে যায় ফাহাদ। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে সে অপহরণকারীদের কবলে পড়ে। শুক্রবার দুপুরে মুঠোফোনে তাঁদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা ‘বিকাশ’-এর মাধ্যমে পরিশোধ করার পরও ফাহাদকে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা। পরে আরও ৫০ হাজার টাকা পরিশোধ করলে অপহরণকারীরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ফাহাদকে বাড়িতে পাঠিয়ে দেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, পুলিশকে না জানিয়ে অপহৃত স্কুলছাত্রের পরিবার অপহরণকারীদের মুক্তিপণের টাকা দেয়। অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।