রূপগঞ্জে একই স্থানে বিএনপি-যুবলীগের সমাবেশ, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় গতকাল মঙ্গলবার একই স্থানে একই সময়ে স্থানীয় বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সমাবেশ ডাকায় সংঘাত এড়াতে সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেলে তারাবো বিশ্বরোড এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। গত সোমবার তারা সমাবেশের ঘোষণা দেয়। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ একই স্থানে একই সময়ে কর্মী সমাবেশের ঘোষণা দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সম্ভাব্য সংঘাত এড়াতে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।