রূপগঞ্জে একই স্থানে যুবদল ও ছাত্রলীগের ইফতার পার্টির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আজ বুধবার ইফতার পার্টি করতে চেয়েছিল স্থানীয় যুবদল ও ছাত্রলীগ। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ফারহানা কাউনাইন গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ১৪৪ ধারা জারি করেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুল হক বলেন, রূপগঞ্জের মুড়াপাড়ার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় উপজেলা যুবদল আজ বুধবার ইফতার মাহফিলের উদ্যোগ নিয়েছিল। এ জন্য ১৪ আগস্ট মুড়াপাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। কিন্তু গতকাল রাত সাড়ে নয়টার দিকে আমাদের জানানো হয়, স্থানীয় ছাত্রলীগ একই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও ইফতার পার্টির আবেদন করেছে। এই কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ব্যাপারে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাবিবুর কাদির বলেন, ‘আমাদের সংগঠনের কেউ ওই বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভা আহ্বান করেনি। ছাত্রলীগ নামধারী কতিপয় লোকজন বিএনপির পূর্বনির্ধারিত ইফতার মাহফিলটি নস্যাৎ করতে একই স্থানে আলোচনা আহ্বান করেছে। এর সঙ্গে উপজেলা ছাত্রলীগের কেউ সম্পৃক্ত নয়।’ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ১৪৪ ধারা জারি করায় আজ বুধবার সকাল আটটা থেকে রাত ১২টা পর্যন্ত মুড়াপাড়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কেউ কোনো ধরনের মিছিল, সমাবেশ ও ইফতার পার্টি করতে পারবে না ও লোকজন জমায়েত হতে পারবে না। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।