রূপগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বইলদা গ্রামে গত শুক্রবার রাতে শফিকুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশের ধারণা, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে খুন করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে একই এলাকার আলমগীর মোল্লা ও হিরন মোল্লার কাছ থেকে শফিকুল ২৯ শতাংশ জমি কেনেন। এ নিয়ে শফিকুলের সঙ্গে ও তাঁর চাচাতো ভাই নুরুল ইসলামের পরিবারের সঙ্গে বিরোধ শুরু হয়। পুলিশের ধারণা, গত শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজনই চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে শফিকুলকে হত্যা করে। এ সময় শফিকুলের ভাই সামছুর ইসলাম মোল্লাও আহত হয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে উত্তেজিত জনতা প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শফিকুল হত্যার ঘটনায় তাঁর স্ত্রী রিমা আক্তার বইলদা গ্রামের সেলিম, আলীম, ডালিম, নাঈম, নাদিম, রূপক, পুলক, নুরুল ইসলামসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।