রূপগঞ্জে এখনো আতঙ্ক কাটেনি তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপগঞ্জের জনগণের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। গ্রেপ্তারের আতঙ্কে তারা কেউ মুখ খুলছে না। পুরুষেরা রাতে নিজ ঘরে ঘুমাতে পারছে না।গণতান্ত্রিক বাম মোর্চার একটি প্রতিনিধিদল রূপগঞ্জ থেকে ঘুরে এসে গতকাল শনিবার রাজধানীর তোপখানা সড়কের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেখানকার এ পরিস্থিতি তুলে ধরে। সংবাদ সম্মেলনে রূপগঞ্জের ঘটনার কারণ, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাঁচ দফা দাবি জানানো হয়।নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনা আবাসন প্রকল্পের জন্য জমি কেনার প্রতিবাদ করতে গিয়ে গত ২৩ অক্টোবর এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে একজন নিহত হয়। ৪ নভেম্বর গণতান্ত্রিক বাম মোর্চার একটি প্রতিনিধিদল সরেজমিনে রূপগঞ্জে পরিদর্শনে যায়। পরিদর্শন শেষে গতকাল সংবাদ সম্মেলনে মোর্চার সমন্বয়ক টিপু বিশ্বাস বলেন, সেখানে প্রথম থেকেই স্থানীয় জনগণ সেনাবাহিনীর উপস্থিতি ভালোভাবে নেয়নি। ঘটনার পর এখনো মানুষ আতঙ্কে মুখ খুলছে না। জুম্মন, মাসুদ ও সমরেশ নামের তিন স্থানীয় ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। তিনি অভিযোগ করেন, ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি। বরং সরকার ও বিরোধী দলের মধ্যে ‘ব্লেম গেম’ চলছে।সংবাদ সম্মেলনে ওই ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের অবস্থান বের করে জনসমক্ষে প্রকাশ করা, সংঘর্ষে নিহত জামালের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, রূপগঞ্জসহ দেশের কোথাও কৃষি জমি দখল করে আবাসন প্রকল্প তৈরির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।