রূপগঞ্জে কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মাসুমা আক্তার (২৩)। গতকাল সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা পাঁচাইখা এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সোনারগাঁ উপজেলার সাদীপুর গ্রামের আলী হোসেনের সঙ্গে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চিনতলা গ্রামের মাসুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলী হোসেন যৌতুকের জন্য মাসুমাকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল দুপুরে ঝগড়ার একপর্যায়ে আলী হোসেন মাসুমাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর আলী হোসেন আড়াই বছরের মেয়ে তিশাকে নিয়ে পালিয়ে যান। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।