রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড প্রোডাক্টস কারখানায় গতকাল বুধবার অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আওলাদ হোসেন বলেন, বেলা তিনটার দিকে হাশেম ফুড প্রোডাক্টসের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন ভবনের প্রথম ও দ্বিতীয় তলায়ও ছড়িয়ে পড়ে। আগুনে গুদামে রাখা কাঁচামাল, কার্টন, জুসের বোতল ও যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিক সুজন, উজ্জ্বল, দেলোয়ার ও ফায়ার সার্ভিসের কর্মী আবুল হোসেনসহ পাঁচজন আহত হন। তাঁদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে । কারখানার ডিজিএম বেলাল আহমেদের দাবি, আগুনে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।