রূপগঞ্জে কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ নিহত ২, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রি-রোলিং মিলের ভেতর অবস্থিত ‘অক্সিজেন প্ল্যান্টে’ অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গতকাল বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই কারখানার টিনের চাল উড়ে গেছে। নিহত ও আহত শ্রমিকদের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। নিহত শ্রমিকেরা হলেন আবু জাফর (২২) ও রাজ্জাক (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে উপজেলার বরপা এলাকায় আহমঞ্চদ রি-রোলিং মিলের ভেতরে ‘এ কে অক্সিজেন লিমিটেড’ কারখানায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই কারখানার টিনের চাল উড়ে গিয়ে দেড় শ ফুট দূরে পড়ে। টিনের চালার কিছু অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় ওই কারখানায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ঘটনার পরপর এলাকার লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ কে অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) দীনবন্ধু মণ্ডল বলেন, ‘কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা আমরা নিশ্চিত নই। বিকেলে হঠাত্ করে শ্রমিকেরা কাজ করা অবস্থায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পরপরই নিহত ও আহত শ্রমিকদের দেখতে পাই। আহতদের চিকিত্সার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, সিলিন্ডার বা অন্য কোনো পদার্থের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।