রূপগঞ্জে কিশোরী গণধর্ষণ ও হত্যাকারীদের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রুমা রাহী দাসকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দলিত পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলিত পরিষদ আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয় তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দলিত পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি রতন দাস, কেশবপুর উপজেলার সভাপতি উজ্জ্বল দাস, নিহত রুমার বাবা পূর্ণ রবি দাস, মা মালতি রানী দাস ও ভাই শ্যামল রবি দাস। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, রূপগঞ্জের বেলাবর ডালিম রুমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১ অক্টোবর ডালিম ও তার সহযোগীরা রুমাকে নির্জন বাড়িতে একা পেয়ে পালাক্রমে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালায়। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তাই প্রতারণামূলক মিথ্যা এজাহার বাতিল করে ধর্ষণ-উত্তর হত্যা মামলা রুজু এবং ইউপি সদস্যসহ আসামিদের শাস্তির দাবি জানান তাঁরা।নিহত রুমার মা মালতী রানী অভিযোগ করেন, ঘটনার প্রায় দুই মাস হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপপরিদর্শক শফিকুল ইসলামের কাছে মামলা সম্পর্কে খোঁজখবর জানতে চাইলে তিনি দুর্ব্যবহার করেন বলে মালতী রানী অভিযোগ করেন। আসামিরা জামিনে বেরিয়ে এসে তাঁদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তাঁরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। মামলাটি তদন্তাধীন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।