রূপগঞ্জে কৃষিজমির মাটি কেটে নিচ্ছে সংঘবদ্ধ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নে ফসলি জমির মাটি যন্ত্র দিয়ে কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। মোচারতালুক এলাকা থেকে শনিবার তোলা ছবি l প্রথম আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নে ফসলি জমির মাটি যন্ত্র দিয়ে কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। মোচারতালুক এলাকা থেকে শনিবার তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কৃষিজমির মাটি খননযন্ত্রের (ভেকু) সাহায্যে কেটে নেওয়া হচ্ছে। একটি সংঘবদ্ধ দল এ কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাটি কাটার সময় দলটির পক্ষ থেকে মোটরসাইকেলে টহল দেওয়া হয়। কৃষকেরা ভয়ে বাধা দেওয়ার সাহস পাচ্ছেন না।

উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতাল্লুক, দড়ি চারিতাল্লুক ও মোচারতাল্লুক গ্রামের বহু কৃষকের ফসলি জমির মাটি দু-তিন মাসে কেটে নেওয়া হয়েছে। শুরুর দিকে কোনো কোনো জমির মালিককে সামান্য কিছু টাকা দেওয়া হয়। পরে অনেককে কোনো টাকা না দিয়েই জোর করে মাটি কেটে নেওয়া হয়।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন কৃষক প্রথম আলোকে বলেন, ভোলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজু প্রধানের নেতৃত্বে সংঘবদ্ধ চক্র মাটি কেটে নিচ্ছে। রাজুর বাড়ি একই ইউনিয়নের আতলাপুর গ্রামে। তিনি বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। সেখান থেকেই মাটির ব্যবসা নিয়ন্ত্রণ করেন। এ ছাড়া সাইদুর রহমান ওরফে টিটু নামে তাঁর এক সহযোগী আছেন। বাড়ি চারিতাল্লুক গ্রামে। রাতভর যন্ত্রের সাহায্যে মাটি কাটার সময় সাইদুরের নেতৃত্বে একদল লোক মোটরসাইকেলে টহল দেন, যাতে কোনো কৃষক ফসলের মাঠে প্রবেশ কিংবা বাধা দিতে না পারেন। খননযন্ত্রের সাহায্যে মাটি কেটে তা অন্তত কুড়িটি ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। প্রতিবাদ করতে গেলে পুলিশের ভয় দেখানো হয়। এ ছাড়া এখানে বেশ কয়েকটি আবাসন কোম্পানিও সক্রিয়। এসব প্রতিষ্ঠানের জমিতেও মাটি সরবরাহ করা হচ্ছে। এভাবে চলতে থাকলে শত শত কৃষক সর্বস্বান্ত হয়ে পড়বেন।

তবে অভিযোগ অস্বীকার করে সাইদুর রহমান বলেন, ‘সবাইকে ম্যানেজ করেই ব্যবসা করি আমরা। ফাঁড়ির পুলিশকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন আমরা কারও ওপর জুলুম-অত্যাচার করি কি না। তা ছাড়া ন্যায্য দাম দিয়ে জমি কিনেই মাটি কাটি। এ ছাড়া আমার এক চাচা একটি আবাসন কোম্পানির মালিক। তাঁর জন্যও মাটি কিনতে হয়।’

এ বিষয়ে রাজু প্রধানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জানতে চাইলে ভোলাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘মাটির ব্যবসা যেহেতু অবৈধ না, তাই আমি সরাসরি কাউকে ব্যবসা করতে নিষেধ করতে পারি না। তবে কৃষকেরা এসে যদি অভিযোগ দেন যে তাঁদের ওপর জুলুম করে মাটি কেটে নেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মোরাদুল হাসান বলেন, মাত্র কয়েক বছর আগেও রূপগঞ্জে ১৭ হাজার হেক্টর কৃষিজমি ছিল। তা কমে ১২ হাজারে এসে ঠেকেছে। রূপগঞ্জে ৪২ হাজার কৃষক পরিবার রয়েছে। বর্তমানে আড়াই হাজার হেক্টর জমিতে সবজি চাষ, সাড়ে আট হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ, আড়াই শ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে। কিন্তু এভাবে মাটি লুটপাট চলতে থাকলে ভবিষ্যতে রূপগঞ্জে কোনো কৃষিজমি থাকবে না।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা পরিচালক মুজাহিদুল ইসলামে বলেন, ‘পরিবেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে, এটা খুবই অন্যায়। এদের বিরুদ্ধে আমরা শিগগির অভিযানে নামব। যারা এসব কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম বলেন, ‘শুনেছি, একটি সংঘবদ্ধ দল ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। যেসব এলাকায় মাটি কাটা হচ্ছে, কয়েক দিনের মধ্যে সেখানে অভিযান চালিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘মাটি চুরির কোনো লিখিত অভিযোগ কেউ করছেন না। এ কারণে আমরা ব্যবস্থা নিতে পারছি না। আমার কোনো পুলিশ যদি মাটি চোরদের সহযোগী, ঘুষ গ্রহণ কিংবা কৃষকদের হয়রানির সঙ্গে জড়িত থাকে, তাহলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করব।’