রূপগঞ্জে গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের মামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাড়ি ভাঙচুর এবং যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন সেট লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বাদী হয়ে গতকাল বুধবার উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৬ জনের নাম উল্লেখ করে এই মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক ও জয়দেবপুর-ভুলতা-মদনপুর সড়কে অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর এবং যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন সেট লুট করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
গত সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে হাছিবুর রহমানকে সভাপতি ও হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করে। এ ঘটনার জের ধরে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।