রূপগঞ্জে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অস্ত্রসহ নাজমুল হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০-এর সদস্যরা। রোববার দিবাগত রাত দেড়টায় রূপগঞ্জ উপজেলার টানমশুরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে রূপগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব।র্যাব-১০-এর উদ্ধৃতি দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র্যাব-১০-এর একটি দল রূপগঞ্জের সদর ইউনিয়নের মুশুরী পশ্চিমপাড়া গ্রামের সামসুদ্দিন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় সামসুদ্দিন মিয়ার ছেলে নাজমুলকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী তাঁর ঘর থেকে আমেরিকার তৈরি তিনটি গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাব জানিয়েছে।