রূপগঞ্জে গ্যাসের তীব্র সংকট, কারখানায় উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মাস ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। গ্যাসের অভাবে উপজেলার শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের ঠিকমতো বেতন-ভাতা দিতে পারছে না কর্তৃপক্ষ। এতে করে শ্রমিক ও মালিক উভয় পক্ষেরই ক্ষোভ বাড়ছে।
গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস কর্তৃপক্ষ ও এলাকার শিল্পমালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রূপগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক লাখ বাসাবাড়িতে গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে। এর মধ্যে রূপগঞ্জে বৈধ আবাসিক গ্যাস সংযোগের সংখ্যা সাড়ে আট হাজার। আর অবৈধ সংযোগের সংখ্যা এর ১০ গুণেরও বেশি। এসব অবৈধ সংযোগ আবার দেওয়া হয়েছে নিম্নমানের পাইপ দিয়ে, যার বেশির ভাগ স্থানেই ফেটে গিয়ে গ্যাস বেরোচ্ছে। এ ছাড়া বর্তমানে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সার খানাগুলোর বাড়তি চাহিদা মেটাতে হচ্ছে। এসব কারণে এখন বেশির ভাগ সময়ই গ্যাসের চাপ থাকছে না। শিল্পকারখানার জন্য দেওয়া সংযোগে ১৫০ পিএসআইজি চাপ থাকার কথা থাকলেও থাকছে মাত্র ২ থেকে ৪ পিএসআইজি। অনেক সময় তা শূন্যের কোঠায় চলে যাচ্ছে। উপজেলার বরপা, ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট, কর্ণগোপ, পাঁচাইখা, মাছিমপুর, রূপসী, কাতরারচক, বরাব, যাত্রামুড়া, তারাব, ভায়েলা, মুড়াপাড়াসহ সব এলাকায় একই অবস্থা। এসব এলাকায় গ্যাসভিত্তিক শতাধিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিছু প্রতিষ্ঠান বিকল্প ব্যবস্থায় উৎপাদন চালিয়ে যাচ্ছে, কিন্তু অন্যগুলোতে উৎপাদনে ধস নামতে শুরু করেছে।
বরপা এলাকার পোশাক কারখানা অলটেক্সের ব্যবস্থাপক মঈনউদ্দিন বাহাদুর বলেন, গ্যাসের সংকটে উৎপাদন কমে গেছে। তাই সময়মতো মালামাল রপ্তানি করা যাচ্ছে না। এতে বিদেশি ক্রেতাদের কাছে শিল্পপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
রূপসী বাসস্ট্যান্ড এলাকার মামুন ডাইংয়ের কর্মকর্তা আরিফ হোসেন ভূঁইয়া বলেন, তিতাস কর্তৃপক্ষ গ্যাসের চাপ বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ না দিলে কারখানা অচল হয়ে পড়বে। এদিকে সামনেই ঈদ। উৎপাদন একেবারেই নেই। এখন শ্রমিকদের বেতন-ভাতা কীভাবে পরিশোধ করা হবে, সেই চিন্তায় রয়েছেন তাঁরা।
বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, যাঁরা আগে ১০ হাজার টাকা বেতন পেতেন, উৎপাদন কমে যাওয়ায় এখন মাত্র ২ হাজার থেকে ৩ হাজার টাকা পাচ্ছেন। এ ক্ষেত্রে মালিকপক্ষও নিরুপায়।
এদিকে গ্যাস ব্যবহার করতে না পারলেও গ্রাহকদের ঠিকই বিল পরিশোধ করতে হচ্ছে। অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করে দেবে তিতাস কর্তৃপক্ষ। ভুলতা তাঁতবাজার মার্কেটের ঢাকা বেকারির মালিক আবদুর রহিম বলেন, ‘গ্যাসের চাপ না পেয়ে কাঠের জ্বালানি ব্যবহার করছি। গ্যাস ব্যবহার না করলেও বিল গুনতে হচ্ছে।’
কারখানার মালিক ও শ্রমিকেরা বলছেন, শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে তাঁদের আন্দোলনে নামা ছাড়া উপায় থাকবে না।
অন্তিম নিটিং, ফিনিশিং অ্যান্ড ডাইং কারখানার ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর বলেন, ‘গ্যাসের চাপ কমে যাওয়ায় বেশির ভাগ শ্রমিককে বেকার সময় কাটাতে হচ্ছে। উৎপাদন বন্ধ থাকলে কীভাবে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করব? এখন গ্যাসের চাপ বৃদ্ধি না করা হলে শ্রমিক-কর্মচারী নিয়ে আমাদের আন্দোলনে যাওয়া ছাড়া উপায় নেই।’
তিতাস গ্যাসের সিস্টেম অপারেশন বিভাগের ডেমরা শাখার মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সিস্টেমে সমস্যার কারণে গ্যাস কম পাচ্ছি, যার ফলে সরবরাহ কম দেওয়া হচ্ছে। উৎপাদন বাড়লে গ্যাসের চাপও বাড়বে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’