নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তিতে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মাদক ব্যবসার অপরাধে আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তিতে প্রতিদিন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। উপজেলাজুড়ে যতগুলো মামলা থানায় দায়ের হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি মামলা করা হয়েছে এ বস্তি থেকে। এদিকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে তাঁর (মোস্তাফিজুর) নেতৃত্বে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের দুই শতাধিক পুলিশ সদস্য গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত চনপাড়া বস্তিতে সাঁড়াশি অভিযান চালান। অভিযানে বস্তির মোট নয়টি ওয়ার্ড থেকে ২৬ জনকে আটক করা হয়। এঁদের আটজনকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা দেন ইউএনও ফারহানা ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।