রূপগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ছাত্রলীগের ওই উপজেলা কমিটিতে অছাত্র, বিবাহিত ও ভূমিদস্যুদের না রাখার দাবিতে উপজেলা ছাত্রলীগের নেতা হাসিবের নেতৃত্বে একটি পক্ষ বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের নেতা আলম হোসেনের নেতৃত্বে অপর একটি পক্ষ ওই মিছিলে বাধা দেয়। বাগিবতণ্ডার একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।ছাত্রলীগের নেতা হাসিব অভিযোগ করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। এ সময় আলমের লোকজন আমাদের ওপর হামলা চালায়।’ অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতা আলম হোসেন বলেন, ‘হাসিব তার লোকজন নিয়ে বিক্ষোভ মিছিল বের করলে সড়কে যানজটের সৃষ্টি হয়। এর প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা চালায়।’