রূপগঞ্জে জনঅসন্তোষ রোধে পদক্ষেপ দাবি সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সেনা আবাসন প্রকল্পের (আর্মি হাউজিং স্কিম বা এএইচইএস) নামে জমি কেনা নিয়ে সৃষ্ট জনঅসন্তোষ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে কমিটি। তবে অহেতুক যাতে কাউকে হয়রানি করা না হয় তা নিশ্চিত করতে হবে। কমিটির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সংসদীয় কমিটি রূপগঞ্জের ঘটনা তদন্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী বৈঠকে বিস্তারিত ব্যাখ্যা জানানোর পরামর্শ দিয়েছে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক, হুইপ মির্জা আজম, মুজিবুল হক, নুরুল ইসলাম সুজন, সানিজদা খানম ও সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক সময়ে সারা দেশের বিশেষ আলোচিত চাঞ্চল্যকর অপরাধগুলোর ওপর পুলিশ প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় একজন সাংসদ জানতে চান, ঢাকার কাছে রূপগঞ্জে এত বড় জনবিক্ষোভের ঘটনা ঘটে গেল। কিন্তু সরকার আগ থেকে কেন এ ব্যাপারে খবর পেল না, কিংবা পেয়ে থাকলে তারা কেন ব্যবস্থা নেয়নি তা জানাতে হবে।আরেকজন সদস্য বলেন, পুলিশের বিশেষ বিভাগের কাজই হলো এ ধরনের ঘটনা সম্পর্কে সরকারকে আগাম সতর্ক করা। এর আগেও অনেক বড় বড় ঘটনা সম্পর্কে সরকার খবর পায়নি। এ ব্যাপারে জবাবদিহিতা আদায় করা প্রয়োজন। কমিটির একাধিক সদস্য পরবর্তী সভায় পুলিশের ওই গোয়েন্দা বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ডাকার আহ্বান জানান।নাটোরে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর ও শিক্ষক মিজানুর রহমান, ঢাকায় ইব্রাহিম আহমেদ হত্যাসহ বিভিন্ন হত্যা মামলার তদন্তকাজ দ্রুত নিষ্পত্তির বিষয়ে আগামী সভায় প্রতিবেদন দিতে বলা হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, এই বাহিনীর কখনো উদাসীন হওয়ার অথবা আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। সব সময় তাদের সজাগ থাকতে হবে।কমিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক ও তৎপর হয়ে কার্যকর ভূমিকা পালনের সুপারিশ করে এবং থানাগুলোকে আরও সক্রিয় করার পরামর্শ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহ্মুদ খন্দকার, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক কমডোর এস এ এম এ আবেদীন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।