রূপগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ভায়েলা গ্রামের হুমায়ুন কবির ও আওলাদ হোসেন ভূঁইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। সোমবার সকালে হুমায়ুন করিব লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে সীমানাদেয়াল নির্মাণ করতে গেলে আওলাদ হোসেন বাধা দেয়। এ নিয়ে তাদের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পক্ষ অন্য পক্ষের ওপর লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আহত হয় উভয় পক্ষের চারজন। আহত ব্যক্তিরা হলেন মুজাহিদুল ইসলাম মানিক (২৮), আওলাদ হোসেন (৫৫), হুমায়ুন কবির (৪৫) ও স্বপন ভূঁইয়া (৪২)। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত। সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।